মিরপুরে ১৮% কেন্দ্র ঝুঁকিপূর্ণ: কঠোর অবস্থানে সেনাবাহিনী

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ১১:১৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ১১:১৪:১৯ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর মিরপুর এলাকার নির্বাচনী আসনগুলোর ১৮ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক বিশেষ নিরাপত্তা ব্রিফিংয়ে এ তথ্য জানান মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর। তিনি উল্লেখ করেন, ঢাকা-১৪ ও ১৬ আসনকে নিরাপত্তা বিবেচনায় ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসতে পারেন, তা নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

 

​ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোকে তিনটি স্তরে (অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ) ভাগ করে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল ফুয়াদ মাসরুর সাংবাদিকদের যেকোনো ধরনের নাশকতামূলক বা বিভ্রান্তিকর সংবাদ প্রচারের আগে বস্তুনিষ্ঠভাবে যাচাই করার পরামর্শ দেন, যাতে কোনো উসকানিমূলক তথ্য জনমনে ভীতি সৃষ্টি করতে না পারে। এছাড়া প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিকভাবে নিকটস্থ ক্যাম্পে জানানোর জন্য অনুরোধ করা হলো।

 

​উল্লেখ্য, এবারের নির্বাচনে ঢাকা-১৪ আসনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি এবং জামায়াতে ইসলামী মনোনীত মীর আহমাদ বিন কাসেম আরমান। ঢাকা-১৬ আসনে লড়ছেন বিএনপির মো. আমিনুল হক ও জামায়াতের মো. আব্দুল বাতেন। অন্যদিকে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, ১১ দলীয় জোটের (এনসিপি) আরিফুল ইসলাম এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই আসনগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]