ভিজিটর ভিসায় কাজ করা যাবে না—সতর্ক করলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৭:৩৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৭:৩৬:১০ অপরাহ্ন

 

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই—এ বিষয়ে বাংলাদেশি ভিসা আবেদনকারী ও ভ্রমণকারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা গেলেও পারিশ্রমিকভিত্তিক কাজ বা কোনো মার্কিন নিয়োগকর্তার জন্য কর্মসংস্থান সম্পূর্ণ নিষিদ্ধ।
 

শনিবার দুপুরে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়। বার্তায় বলা হয়, বি১/বি২ ভিসা মূলত স্বল্পমেয়াদি ভ্রমণ, পর্যটন এবং সীমিত ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রযোজ্য। এই ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে চুক্তি সংক্রান্ত আলোচনা, দরকষাকষি কিংবা বিভিন্ন সম্মেলন ও বৈঠকে অংশ নেওয়া যেতে পারে।
 

তবে দূতাবাস স্পষ্টভাবে জানায়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে থেকে কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ, চাকরি করা কিংবা যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করা আইনগতভাবে অনুমোদিত নয়। এমন কর্মকাণ্ড দেশটির অভিবাসন আইন লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করা হয়।
 

কূটনৈতিক সূত্রের মতে, সাম্প্রতিক সময়ে ভিসার অপব্যবহার সংক্রান্ত বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে ভ্রমণকারীদের সচেতন করতেই এই বার্তা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে সংশ্লিষ্ট ভিসার শর্ত ও সীমাবদ্ধতা ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শও দিয়েছে দূতাবাস।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]