আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করতে রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
আচরণবিধির বিধি-৭(ক) অনুযায়ী, নির্বাচনি প্রচারণায় লিফলেট বা হ্যান্ডবিল, পোস্টার, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড ব্যবহারের বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।
এই অবস্থায়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেন প্রচারণায় পোস্টার ব্যবহার না করেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচনি পোস্টার মুদ্রণ বন্ধে প্রিন্টিং প্রেসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।