সাভারে বাসায় অগ্নিকাণ্ডে জাবি শিক্ষার্থীসহ চারজন দগ্ধ

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১১:৪৫:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১১:৪৫:০১ পূর্বাহ্ন

সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে আগুন লাগার এ ঘটনায় একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে সাভারের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম। এছাড়া বাড়ির মালিক আব্দুর রহমানের দুই ছেলে মো. রায়হান ও মো. রাহাত এবং স্থানীয় ভাড়াটিয়া মো. হাসিনুরও আগুনে আহত হন।
 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুর রহমানের দুই ছেলের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার রাতে ওই বিরোধ নতুন করে তীব্র হলে রায়হান দোতলার একটি কক্ষে পেট্রোল ঢেলে দেন। পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে রায়হানের পরিচিত জাবি শিক্ষার্থী সাইফুল ইসলাম ও প্রতিবেশী হাসিনুর সেখানে প্রবেশ করেন। একপর্যায়ে গ্যাস লাইটার জ্বালানো হলে মুহূর্তের মধ্যেই কক্ষে আগুন ছড়িয়ে পড়ে এবং চারজন দগ্ধ হন।
 

বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক অমিতাভ দাস জানান, দগ্ধদের মধ্যে সাইফুল ইসলামের অবস্থা গুরুতর। তার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের প্রথমে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
 

এদিকে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আহমেদুল কবীর জানান, সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]