১২ ফেব্রুয়ারি ভোট: ৩ দিন মোটরসাইকেল ও ১ দিন অন্য যান চলাচলে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০২:০৮:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০২:০৮:৫৫ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশজুড়ে অনুষ্ঠেয় গণভোট নির্বিঘ্ন করতে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন এবং এর আগে-পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ভোটের দিন ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও বিধিনিষেধ কার্যকর হবে।

 

​কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী আইন ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জরুরি সেবাসমূহ এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং নির্বাচন কমিশনের অনুমোদিত পর্যবেক্ষকদের যান চলাচলে কোনো বাধা থাকবে না।

 

​জরুরি সেবার আওতায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগ কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সংবাদপত্র বহনকারী যানবাহন এবং সংবাদকর্মীদের মোটরসাইকেল ও গাড়ি চলাচলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে, তবে সেক্ষেত্রে কমিশন বা রিটার্নিং অফিসারের ইস্যুকৃত স্টিকার প্রদর্শন বাধ্যতামূলক। এছাড়া বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের ক্ষেত্রে পাসপোর্ট ও টিকিটের প্রমাণ সাপেক্ষে বিমানবন্দর যাতায়াতের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।

 

​প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের বিশেষ অনুমতি সাপেক্ষে একটি জিপ বা কার ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। জাতীয় মহাসড়ক ও প্রধান প্রধান সংযোগ সড়কগুলোতে আন্তঃজেলা যাতায়াত ও দূরপাল্লার যানবাহনের ক্ষেত্রেও কঠোরতা শিথিল করার ক্ষমতা স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার স্বার্থে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় তারা আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন বলে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]