ভোট সামনে: আচরণবিধি রক্ষায় মাঠে নামছেন ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৩:৩৪:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৩:৩৪:৩৭ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন ও শৃঙ্খলা বজায় রাখতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব প্রদান করে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
 
নির্বাচন কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বিত এই পদক্ষেপে জানানো হয়েছে যে, মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী এই ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে কাজ করবেন। তারা মূলত ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত নির্ধারিত নির্বাচনী এলাকায় অবস্থান করবেন এবং যেকোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন রোধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা ও প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতেই অভিজ্ঞ এই কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
 
প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— মোছা. মোস্তারী কাদেরী (কিশোরগঞ্জ), মো. সেলিম রেজা (ঝিনাইদহ), মো. নোমান হোসেন (খাগড়াছড়ি), এস. এম. শাহীন (যশোর), এইচ. এম. সালাউদ্দীন মনজু (চুয়াডাঙ্গা), মোহাম্মদ নূর-এ-আলম (পাবনা), মোহাম্মদ হুমায়ন রশিদ (নোয়াখালী), মো. আসাদুজ্জামান (সাতক্ষীরা), অরুণ কৃষ্ণ পাল (হবিগঞ্জ), রেহেনুমা তারান্নুম (দিনাজপুর), মো. আবু রিয়াদ (বাগেরহাট), মো. নিজাম উদ্দিন (শরীয়তপুর), মেরিনা দেবনাথ (সুনামগঞ্জ)। এছাড়া খুলনায় দায়িত্ব পালন করবেন বেগম তাছলিমা আক্তার, কোহিনুর জাহান, সুমাইয়া সুলতানা এ্যানি, মাহেরা নাজনীন, আরিফুল ইসলাম, এস, এম, মুস্তাফিজুর রহমান ও সাদিয়া আফরিন। দায়িত্ব চলাকালীন তারা প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে প্রদান করবেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]