আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখে আইনি জটিলতা এড়াতে সুইজারল্যান্ড সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সুইজারল্যান্ডের দাভোসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আয়োজিত ‘বোর্ড অব পিস’ স্বাক্ষর অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা ছিল। তবে সুইস সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে পা রাখলে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে জারি করা আইসিসি’র পরোয়ানা কার্যকর করতে তারা বাধ্য থাকবে। এই অনড় অবস্থানের কারণেই শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক সফর থেকে পিছিয়ে এলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘হারেৎজ’ (Haaretz)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে অংশগ্রহণ নেতানিয়াহুর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সুইজারল্যান্ড যেহেতু আইসিসি’র রোম সংবিধির স্বাক্ষরকারী দেশ, তাই তারা আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা থেকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ অনুষ্ঠানটি এখন ইসরায়েলি প্রধানমন্ত্রীর শারীরিক উপস্থিতি ছাড়াই সম্পন্ন হতে যাচ্ছে।
এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে নেতানিয়াহুর ক্রমবর্ধমান কূটনৈতিক বিচ্ছিন্নতাকে আবারও সামনে নিয়ে এল। গাজায় চলমান সামরিক অভিযানের জেরে আইসিসি কর্তৃক মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছিল। এর আগে অনেক ইউরোপীয় দেশ পরোয়ানা কার্যকরের বিষয়ে অস্পষ্টতা বজায় রাখলেও সুইজারল্যান্ডের মতো নিরপেক্ষ রাষ্ট্রের এই কঠোর বার্তা ইসরায়েলি প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে আইনি সুরক্ষা এবং গ্রেপ্তার এড়াতে নেতানিয়াহু কেবল সেই দেশগুলোতেই সফরের সীমাবদ্ধ থাকছেন যারা আইসিসি’র এই পরোয়ানা মানতে অস্বীকৃতি জানিয়েছে।
(সূত্র: হারেৎজ)
(সূত্র: হারেৎজ)