ভারতের জম্মু ও কাশ্মীরের পাহাড়ি জেলা ডোডায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভাদেরওয়াহ-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খন্নি টপ এলাকায় সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ গাড়ি (ক্যাসপির) নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ১০ জন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ‘হোয়াইট নাইট কর্পস’ এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পাহাড়ি পথে একটি সামরিক অভিযানে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ ও সামরিক সূত্র জানায়, বুলেটপ্রুফ গাড়িটি জওয়ানদের নিয়ে গন্তব্যের দিকে যাওয়ার সময় হঠাৎ সড়ক থেকে ছিটকে কয়েকশ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই শুরু হয় বিশাল উদ্ধার অভিযান। আহত সেনাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত বিমানযোগে (এয়ারলিফট) উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতাহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, “সাহসী ১০ জন সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে মর্মাহত। জাতির প্রতি তাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।