আঞ্চলিক উত্তেজনা ও সম্ভাব্য হামলার আশঙ্কায় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ ভারতের

আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৭:৫৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৭:৫৮:৩৭ অপরাহ্ন

আঞ্চলিক উত্তেজনা তীব্র হওয়া এবং ইরানে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় নিজেদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়।
 

বিবৃতিতে বলা হয়, ইরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থী, ব্যবসায়ী, তীর্থযাত্রী ও পর্যটকসহ সকল নাগরিককে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাণিজ্যিক বিমানসহ যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থার মাধ্যমে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করার অনুরোধ জানানো হচ্ছে।
 

পৃথক এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ না করতে কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে। চলমান পরিস্থিতির ওপর সরকার নিবিড়ভাবে নজর রাখছে বলেও জানানো হয়।
 

এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ ইরানে সহিংসতা বাড়ার আশঙ্কায় তাদের নাগরিকদের দেশটি ছাড়তে নির্দেশ দেয়।
 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে উত্তেজনা চরমে পৌঁছানোয় দুই দেশের শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে ইরানের সামরিক বাহিনী।
 

বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে সরাসরি যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে।
 

এদিকে তেহরান মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকেও সতর্ক করে জানিয়েছে, ইরানে হামলা চালানো হলে তারা ওইসব দেশের সামরিক ঘাঁটিতেও পাল্টা আঘাত হানবে। এরই মধ্যে কাতারের দোহায় অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরে যেতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]