বড় ভাই হত্যার ঘটনায় ছোট ভাই গ্রেফতার

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৭:৪৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৭:৪৪:৪৮ অপরাহ্ন

হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাই জুনাইদ মিয়াকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছোট ভাই মো. ওবায়েদ মিয়াকে (২০) গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতার হওয়া ওবায়েদ মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ পশ্চিমপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে।
 

র‍্যাব সূত্র জানায়, শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকা থেকে মো. ওবায়েদ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।
 

ঘটনার বিবরণে জানা যায়, জুনাইদ মিয়া প্রায় চার বছর আগে বিয়ে করেন। বিয়ের পর পারিবারিক সিদ্ধান্তে তাকে পৃথক করে দেওয়া হলে তিনি স্ত্রীসহ শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গত ২ জানুয়ারি তিনি নিজ বাড়িতে ঘর নির্মাণ করে স্ত্রীকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করবেন বলে বাবাকে জানান।
 

এ বিষয় নিয়ে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে ওবায়েদ মিয়া একটি ইট দিয়ে জুনাইদ মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 

এ ঘটনায় লাখাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঘটনার পরপরই আসামিকে গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
 

র‍্যাব জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]