বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত যাত্রী ছাড়া সব ধরনের দর্শনার্থী ও সহযাত্রীদের প্রবেশ ২৪ ঘণ্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যাত্রীসেবা ও বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় শুধু বৈধ টিকিটধারী যাত্রীদেরই বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে প্রয়োজন হলে এ বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হতে পারে।
এদিকে, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। দলীয় সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা চ্যালেঞ্জ বিবেচনা করে একজন অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে সাময়িক কড়াকড়ি অব্যাহত থাকতে পারে।