দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রফতানি আয়ের ধারাবাহিক প্রবাহ নিশ্চিত করতে আরও ৬ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। নিলাম পদ্ধতিতে রোববার (২১ ডিসেম্বর) চারটি ব্যাংক থেকে এই ডলার সংগ্রহ করা হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এদিন প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতিতে নির্ধারিত কাট-অফ রেটও ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে এই নীতি অনুসরণ করছে।
এর আগে গত ১৭ ডিসেম্বর সাতটি ব্যাংক থেকে প্রায় ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। সে সময়েও ডলারের বিনিময় হার ছিল সর্বোচ্চ ১২২ টাকা ৩০ পয়সা। একইভাবে ১৫ ডিসেম্বর ১৩টি ব্যাংক থেকে প্রায় ১৪ কোটি ১৫ লাখ মার্কিন ডলার সংগ্রহ করা হয়, যেখানে বিনিময় হার ছিল ১২২ টাকা ২৯ পয়সা থেকে ১২২ টাকা ৩০ পয়সা পর্যন্ত।
সবমিলিয়ে চলতি ২০২৫–২৬ অর্থবছরে এখন পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোট ২৯৩ কোটি ১৫ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে।
বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই থেকে নিয়মিত নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় সামাল দেওয়া এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে আস্থার পরিবেশ বজায় রাখা।