ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নাম দেওয়া হয়েছে ‘শহীদ ওসমান হাদি হল’। শনিবার (২০ ডিসেম্বর) রাতে হলের মূল ফটকের সামনে থাকা নাম অপসারণ করে নতুন নাম সংযুক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত ৯টার দিকে একটি ক্রেন নিয়ে হলের সামনে কাজ শুরু করা হয়। কিছু সময় পর ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ লেখা মুছে ফেলে সেখানে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি স্থাপন করা হয়।
এর আগে একই দিন সন্ধ্যায় হলগুলোর নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল রাখার দাবি জানানো হয়।
ডাকসু নেতারা একই সঙ্গে জুলাই মাসের গণহত্যার পক্ষে অবস্থান নেওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিও তোলেন।
তবে হলের নাম পরিবর্তনের বিষয়ে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।