কেরানীগঞ্জের বাবুবাজারে ঝুট কারখানায় ভয়াবহ আগুন, ৪২ জন উদ্ধার

আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:৩৩:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:৩৩:৫৪ পূর্বাহ্ন

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটির নিচতলায় থাকা ঝুট কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়ে দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাবুবাজার সংলগ্ন ১২ তলা ভবনের নিচতলায় অবস্থিত ঝুট গোডাউনে আগুন লাগার পর দ্রুত লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। শুরুতে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে পর্যায়ক্রমে ১৪টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের অপারেশন ও মেনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ভবনে ঝুট গোডাউন থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুন যেন পাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, সিঁড়ি ব্যবহার করে এখন পর্যন্ত ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ভবনের ভেতরে কোনো কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়, তবে স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলমান রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটি আবাসিক ও বাণিজ্যিক মিশ্র ব্যবহারের। দোতলায় এখনও আগুনের ফুলকি রয়েছে এবং ওপরের তলাগুলোতে ধোঁয়া ছড়িয়ে আছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]