দেশের বাজারে স্বর্ণের মূল্য আবারও বৃদ্ধি পেয়েছে। দুই দফা কমানোর পর এবার ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সমন্বিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা, যা শুক্রবার থেকে কার্যকর হবে।
বাজুস বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় পুনরায় সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্য পরিবর্তনের সঙ্গে দেশের বাজারের আমদানি ব্যয়, বিশুদ্ধতার মান ও উৎপাদন খরচ বিবেচনায় নেওয়া হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি দাম দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারিত হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা। বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে ২ ডিসেম্বর বাজুস শেষবার স্বর্ণের দাম সমন্বয় করেছিল, তখন ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।