মনোনয়ন নয়, দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান তারেক রহমানের

আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৮:৩২:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৮:৩২:৩৮ অপরাহ্ন

নির্বাচনে মনোনয়ন পাওয়া বা না পাওয়া নিয়ে বিভক্ত না হয়ে দলের স্বার্থে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় সোমবার লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।
 

তারেক রহমান বলেন, বর্তমানে বসে থাকার সময় নয়। দল দেশের বিভিন্ন এলাকায় প্রার্থী ঘোষণা করেছে— কেউ হয়তো মনোনয়ন পাননি, কেউ হয়তো পছন্দের প্রার্থীকে পাননি। তবুও দলের প্রতীক ধানের শীষের জয়ই আসল লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, “প্রার্থী মুখ্য নয়, মুখ্য হলো আমাদের দল বিএনপি, আমাদের প্রতীক ধানের শীষ এবং আমাদের দেশ।”
 

তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কী কী পরিবর্তন আনবে— সেটি সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে হবে। এ লক্ষ্যে আগামী দুই মাস জনগণকে দলের পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
 

তারেক রহমান আরও বলেন, বিএনপির উন্নয়ন পরিকল্পনাগুলো শুধু কাগজে সীমাবদ্ধ থাকবে না; জনগণের অংশগ্রহণের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। “আমাদের প্রতিজ্ঞা হলো— জনগণকেও এই পরিকল্পনার অংশীদার করা,” যোগ করেন তিনি।
 

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক সহনশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে “একজন ভালো, বাকিরা খারাপ”— এই ধারা অব্যাহত আছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। বহুদলীয় গণতন্ত্রে মতবিরোধ স্বাভাবিক হলেও রাজনৈতিক ভিন্নমতকে শত্রু ভাবা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
 

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশের আগামী দিনের অগ্রযাত্রা নির্ভর করছে তরুণদের ঐক্য ও উদ্যোগের ওপর। “তোমরা যদি এগিয়ে আসো, যদি ঐক্যবদ্ধ হও, তবে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর যদি এখনই কাজ না করি, ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে,” বলেন তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]