হৃদযন্ত্র ও ফুসফুসের জটিলতা বাড়ায় বিশেষ পর্যবেক্ষণে খালেদা জিয়া

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:১৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১১:১৮:৪৬ অপরাহ্ন

হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে চিকিৎসক সূত্র জানায়, সংক্রমণ বাড়ার কারণে তার শ্বাসকষ্টও বেড়েছে, ফলে তাকে কেবিনেই নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সোমবারও বোর্ডের বৈঠক হয়েছে এবং প্রয়োজনীয় কয়েকটি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। চিকিৎসকরা তাকে আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
 

এর আগে সন্ধ্যায় ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে মেডিকেল বোর্ডের আরেক সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, তার বুকে সংক্রমণ ধরা পড়েছে এবং হার্ট ও ফুসফুস উভয়ই আক্রান্ত হয়েছে। শুরুতে তাকে অন্তত ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত হয়েছিল।
 

দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা সহ একাধিক দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং সেখানে ১১৭ দিন থাকার পর ৬ মে দেশে ফেরেন। এরপর থেকে নিয়মিত চেকআপের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নিতে হচ্ছে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]