বরিশালের বেলতলা এলাকায় ভূমিকম্পের পর একটি নতুন ভবনের ওপর সাড়ে চার তলা পুরোনো ভবন হেলে পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে সংঘটিত ভূমিকম্পের পর থেকেই এলাকাবাসী সম্ভাব্য ধসের ঝুঁকিতে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৪ বছর আগে সিটি করপোরেশনের অনুমতিতে মাহামুদিয়া মাদরাসা সংলগ্ন স্থানে সাড়ে চার তলা ভবন নির্মাণ করেন আব্দুল মোতালেব হাওলাদার। তার ঠিক পাশেই এক বছর আগে পরিকল্পনা অনুযায়ী চার তলা ভবন নির্মাণ করেন জাহির হাওলাদার। উভয় ভবনেই মালিক ও ভাড়াটিয়ারা বসবাস করে আসছিলেন। তবে ভূমিকম্পের পর পুরোনো ভবনটি নতুন ভবনের দিকে হেলে পড়ায় নিরাপত্তাহীনতা আরও বেড়ে গেছে।
প্রতিবেশীরা জানান, যেখানে ভবন দুটি নির্মিত হয়েছে, সেই জায়গা আগে ডোবা ছিল এবং সেখানে নিয়মিতভাবে আবর্জনা ফেলা হতো। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম ভঙ্গ হয়েছে এবং দুই ভবনের মধ্যে নির্ধারিত দূরত্বও বজায় রাখা হয়নি।
হেলে পড়া ভবনের মালিক মোতালেব হাওলাদার জানান, ভূমিকম্পের পরই তিনি বিষয়টি বুঝতে পারেন এবং সিটি করপোরেশনকে জানিয়েছেন। তবে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। অন্যদিকে নতুন ভবনের মালিকপক্ষ বলছে, পুরোনো ভবনের দুর্বলতা ও কম্পনেই এটি হেলে পড়েছে, যা তাদের জন্যও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে।
বরিশাল সিটি করপোরেশনের স্থপতি সাইদুর রহমান লুসান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, নগরের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের কাজ নিয়মিত চললেও জনগণের সচেতনতা ছাড়া ভূমিকম্পঝুঁকি পুরোপুরি কমানো সম্ভব নয়।