নভেম্বরে রেমিট্যান্স প্রবাহে বড় উত্থান, প্রথম ১৯ দিনে দেশে এসেছে ২ বিলিয়ন ডলার

আপলোড সময় : ২০-১১-২০২৫ ১০:৫৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ১০:৫৮:২২ অপরাহ্ন

চলতি বছরের নভেম্বরের প্রথম ১৯ দিনে বাংলাদেশের রেমিট্যান্স আয় গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, এ সময়ে প্রবাসী আয়ের প্রবাহ ৩০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে, যা প্রতিদিন গড়ে ১০ কোটি ৫৭ লাখ ডলার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নভেম্বরের প্রথম ১৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০০ কোটি ৮০ লাখ ডলার; গত বছর একই সময়ে যা ছিল ১৫৩ কোটি ৭০ লাখ ডলার। তিনি জানান, শুধু ১৯ নভেম্বর একদিনেই এসেছে ১০ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ১ হাজার ২১৫ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৬.১০ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক তথ্য অনুসারে, অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এর আগে আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের এই ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে। গত ২০২৪–২৫ অর্থবছরেই দেশে রেকর্ড ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা এক অর্থবছরে বাংলাদেশের সর্বোচ্চ প্রবাসী আয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]