টাঙ্গাইলের মধুপুরে প্রচারণা কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আনারস চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ এবং দুটি ক্লিনিক ভাঙচুরের ঘটনাও ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার সূত্রপাত হয় বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষ থেকে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে। সমাবেশ শেষে একটি মিছিল আনারস চত্বর হয়ে এগোতে থাকলে স্বপনের সমর্থকরা তাদের লক্ষ্য করে ধাওয়া দেয়। এতে সমাবেশকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
পরে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকরা পাল্টা আক্রমণ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্লিনিক ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে আনে।
মধুপুর থানার ওসি এমরানুল কবির বলেন, সংঘর্ষের খবর পেয়ে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।