বিএনপির মনোনয়ন নিয়ে বিক্ষোভ চলছেই

আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৮:৫৮:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৮:৫৯:৫৫ পূর্বাহ্ন

বিএনপির মনোনয়ন নিয়ে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন তারা। এছাড়া দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে রাজবাড়ীর পাংশায় আমরণ অনশনে বসেছেন এক যুবক। আধিপত্য বিস্তার নিয়ে ঘটছে হামলা-সংঘর্ষের ঘটনা।


পাবনায় বিরোধ ভুলে এক মঞ্চে দুই নেতা
পাবনা-৩ আসনে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে দীর্ঘদিনের বিভেদ ভুলে এক মঞ্চে বিএনপির দুই নেতা। মনোনয়ন বঞ্চিত হয়ে পৌর শহরের বালুচর মাঠে সমাবেশ করেছেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা। সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে একটি শোভাযাত্রা করেন তারা।

 

সমাবেশে হাসাদুল ইসলাম হীরা বলেন, কেন্দ্রীয় নেতারা ভুল করেছেন। পাবনা-৩ আসনে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ স্থানীয় কোনো লোককে প্রার্থী দেখতে চান। যদি এই আসনকে বিএনপির দখলে নিতে হয়, তবে এলাকার কোনো সন্তানকে মনোনয়ন দিতে হবে, নইলে বিএনপি এই আসন হারাবে।
কে এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘পাবনা-৩ আসনের মানুষ কোনো বহিরাগত মানুষ চান না। মানুষ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চান। আমি আত্মবিশ্বাসী, আমি স্বতন্ত্র দাঁড়ালে জিতে যাব। কিন্তু আমি দলের প্রতি আস্থাশীল। শেষ পর্যন্ত আমি দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করব।’


চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর এই তিন উপজেলা নিয়ে পাবনা-৩ আসন। তাঁর মধ্যে ভোটার সংখ্যা বেশি চাটমোহর উপজেলায়। ভোটার সংখ্যা বেশি হলেও বিগত দিনে এই উপজেলা থেকে কোনো এমপি পাননি উপজেলাবাসী।
এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

 

প্রার্থী ঘোষণার দাবিতে অনশন
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে পাংশা শহরের দরগাতলায় আমরণ অনশনে বসেছেন রিয়াজুল ইসলাম নামের এক যুবক। তিনি নিজেকে তারেক জিয়া পরিষদের রাজবাড়ী জেলা কমিটির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছেন। তাঁর বাড়ি পাংশা শহরের ঢেঁকিপাড়া এলাকায়। গত সোমবার দুপুর থেকে পাংশা পৌর শহরের দরগাতলা এলাকায় হযরত শাহ্ জুঁই (রহ.) মাজার শরিফের সামনে অনশনে বসেছেন তিনি।


রিয়াজুল ইসলাম বলেন, রাজবাড়ী-২ আসনে বিএনপির কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, এখানে জোটের একজনকে মনোনয়ন দেবে। ওই ব্যক্তি আওয়ামী লীগের দোসর। জোটের কোনো প্রার্থীকে মেনে নেওয়া হবে না। রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী দিতে হবে।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান জানান,  ওই যুবক বিএনপির অন্ধ ভক্ত। অনশনের সিদ্ধান্তটি তাঁর নিজস্ব।

অভয়নগরে ফারাজী মতিয়ারের সমর্থনে মানববন্ধন
যশোর-৪ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ফারাজী মতিয়ার রহমানের সমর্থনে মানববন্ধন হয়েছে। অভয়নগরের সর্বস্তরের জনগণের ব্যানারে নূরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করা হয়।


যশোর-৪ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কৃষক দলের সহসম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবকে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করে  ফারাজী মতিয়ার রহমানকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন অভয়নগর উপজেলা বিএনপির সহসভাপতি শাহজাহান মুন্সী, ফারাজী সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ফারাজী, নওয়াপাড়া পৌর বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মারুফুর রহমান ফারাজী প্রমুখ।

 

 

কুমিল্লায় ৯ দিন ধরে বিক্ষোভ

কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ৯ দিন ধরে কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় নগরীতে মশাল মিছিল করা হয়। সন্ধ্যায় টাউনহল মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্বরে গিয়ে সমাবেশ করে। নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে এই আসনে মনোনয়ন দিয়েছে দলটি।

 

প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
দিনাজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বিরল উপজেলা বিএনপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরল উপজেলা বিএনপির সহসভাপতি হামিদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে কিছু বহিরাগত লোকজন দলীয় প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি করছেন। বিএনপির কতিপয় নেতা অন্তরালে থেকে এসব কর্মসূচি করাচ্ছেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী প্রমুখ। পরে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

 

গাংনীতে মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবি
মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে গাংনী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলার নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস ওয়াহেদ বেল্টু প্রমুখ।

খুলনায় মঞ্জুকে চায় না দুই থানা ও ১৬ ওয়ার্ড বিএনপি 
খুলনা-২ আসনে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি এবং ১৬টি ওয়ার্ড কমিটির নেতারা। মঙ্গলবার রাতে খুলনার কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ে জরুরি সভা ডেকে এ দাবি জানান তারা।

সভায় সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর। পরিচালনা করেন সোনাডাঙ্গা থানার সভাপতি হাফিজুর রহমান মনি। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু এবং বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। 

সভায় বক্তারা অভিযোগ করেন, নজরুল ইসলাম মঞ্জু অতীতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে তারেক রহমানের নির্দেশ অমান্য করেছেন। এমনকি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিষোদগার করেছেন। এমন একজন নেতাকে প্রার্থী করা তৃণমূলের জন্য লজ্জাজনক। 


সভায় বক্তব্য রাখেন সদর থানার সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, সোনাডাঙ্গার সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পী, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, জাসাসের ভারপ্রাপ্ত সদস্য সচিব কেএম এ জলিল এবং ১৬টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
খুলনা-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বর্তমানে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির সব নেতাই তাদের অনুসারী। নগর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর অনুসারীদের কোনো কমিটিতেই রাখা হয়নি।

 

শিবগঞ্জে মহাসড়ক অবরোধ ও মশাল মিছিল 
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন বিবেচনার দাবিতে সৈয়দ শাহীন শওকতের সমর্থকরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করেছেন। মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ে মশাল মিছিল শেষে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ সমাবেশ করেন। রাত সাড়ে ৭টার দিকে অবরোধ শুরু হয়ে চলে ৮টা পর্যন্ত।


সমাবেশে বক্তারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া অধ্যাপক মো. শাজাহান মিয়ার মনোনয়ন বাতিল করে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতকে মনোনয়ন দেওয়ার দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শরিফুল ইসলাম সারেফ, পৌর বিএনপির আহ্বায়ক জিন্নুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুর রহমান, সাবেক সভাপতি জাহিদ হাসান প্রমুখ।


এর আগে শাহীন শওকতের সমর্থকরা কানসাট মিলিক মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে গোপালনগর মোড়ে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অবরোধকারীরা রাস্তা ছেড়ে দেন। একই দাবিতে গত রোববারও বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেন শাহীন শওকতের সমর্থকরা।

ঈশ্বরদীতে দুপক্ষের সংঘর্ষ, কুপিয়ে জখম
ঈশ্বরদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও বাবু মালিথা নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থক। সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া মাস্টার মোড়ে এই ঘটনা ঘটে।


গত শনিবার রাতে স্থানীয় একটি মাজারে নেতৃত্ব দেওয়া নিয়ে বাবু মালিথা ও তাঁর ছেলে রাব্বি মালিথার সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমনের সমর্থক পলাশ, হাসান, সবুজসহ যুবদল কর্মীদের সংঘর্ষ হয়। এর জের ধরেই সোমবার সন্ধ্যায় ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষ।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রতিনিধিরা)

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]