তানজানিয়ায় নির্বাচনের পর রক্তক্ষয়ী বিক্ষোভ: বিরোধীদের দাবি শতাধিক নিহত, জাতিসংঘের তথ্য ভিন্ন

আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১০:৩৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৫ ১০:৩৩:১৬ অপরাহ্ন

তানজানিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর দেশজুড়ে সহিংস বিক্ষোভে শত শত মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল চাদেমা পার্টি। তবে জাতিসংঘ এই দাবি নাকচ করে বলেছে, তাদের কাছে বিক্ষোভে অন্তত ১০ জনের মৃত্যুর ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ২৯ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
 

বিরোধীদের অভিযোগ, নির্বাচনের আগে সরকার কঠোর দমনপীড়ন চালিয়ে ভোটে ভিন্নমত দমন করেছে। ফল ঘোষণার পর রাজধানী দার-এস-সালামসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা গাড়ি, পেট্রোল স্টেশন ও থানায় অগ্নিসংযোগ করে, আর নিরাপত্তা বাহিনী কড়া দমন অভিযান চালায়।
 

চাদেমা পার্টির মুখপাত্র জন কিটোকা এএফপিকে বলেন, “দার-এস-সালামে প্রায় ৩৫০ জন এবং মওয়ানজায় আরও ২০০ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে নিহতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই।” দলটির দাবি, তাদের প্রতিনিধিরা বিভিন্ন হাসপাতাল ঘুরে এই তথ্য সংগ্রহ করেছেন। তবে আল জাজিরা জানিয়েছে, তারা এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
 

অন্যদিকে, তানজানিয়া সরকার এখনো কোনো আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। সরকারি পক্ষ শুধু বলেছে, “বিচ্ছিন্ন কিছু ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।” জাতিসংঘ শুক্রবারের আপডেট প্রতিবেদনে জানায়, নিরাপত্তা বাহিনীর হাতে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন।
 

বিক্ষোভ ইতিমধ্যে তৃতীয় দিনে পৌঁছেছে। বিরোধীরা নির্বাচন কমিশনের কাছে ফলাফল ঘোষণা স্থগিতের দাবি জানিয়েছে। এদিকে সরকার সেনা মোতায়েনের পাশাপাশি দেশের বেশিরভাগ এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।
 

৩০ অক্টোবর দার-এস-সালামের বিভিন্ন এলাকায় কারফিউ ভেঙে বিক্ষোভে নামলে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে এবং গুলির শব্দ শোনা যায়। তানজানিয়া ১৯৬১ সালে স্বাধীন হওয়ার পর থেকেই ক্ষমতায় রয়েছে চামা চা মাপিনদুজি (সিসিএম) দল। দলের বর্তমান নেতা সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর দায়িত্ব নেন এবং এবার নির্বাচনের মাধ্যমে তার মেয়াদ আরও বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছেন।

 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]