২৩ ঘণ্টা পরও শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ধোঁয়া, তদন্তে ৬ সদস্যের কমিটি

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৩:০৩:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৩:০৩:৪৯ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় ২৩ ঘণ্টা পরও পুরোপুরি নির্বাপন সম্ভব হয়নি। রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, বিমানবন্দরের আট নম্বর গেটের পাশে কেমিক্যাল গোডাউনের ধ্বংসস্তুপ থেকে এখনও ধোঁয়া উড়ছে।
 

তিনি বলেন, “আগুন এখনও পুরোপুরি নির্বাপিত হয়নি। আমাদের কাজ চলছে, নির্বাপন সম্পন্ন হলে জানানো হবে।”
 

শনিবার দুপুর দেড়টার দিকে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং দ্রুত আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ভিলেজের তিনটি অংশের দুটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে বিমানবন্দরের আট নম্বর গেটের কেমিক্যাল গোডাউনে।
 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক শনিবার রাতেই জানিয়েছিলেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে নির্বাপন সম্পন্ন হয়নি। কিন্তু রাত পেরিয়ে রোববার দুপুর হলেও ধোঁয়া ওঠা বন্ধ হয়নি।
 

এই ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস, আনসার ও অন্যান্য সংস্থার মোট ৩৭ জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
 

শনিবার রাত ৯টা থেকে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা, বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা ও বিজিএমইএ সভাপতি। তারা পরিদর্শন শেষে দুপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
 

এটি শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার কোনো একক ঘটনা নয়, তবে এবারই প্রথম এত বড় অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করেছে। নৌ, স্থল ও বিমান বাহিনীর পাশাপাশি আনসার, র‌্যাব এবং পুলিশের প্রায় পাঁচ হাজার সদস্যও আগুন নিয়ন্ত্রণে অংশ নেন, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]