ওপেনএআই সম্প্রতি নতুন সোশ্যাল ভিডিও অ্যাপ "সোরা" (Sora) চালু করেছে, যা ব্যবহারকারীদের এআই প্রযুক্তি ব্যবহার করে মুখভিত্তিক স্বল্পদৈর্ঘ্য ভিডিও তৈরি করার সুযোগ দেবে। আপাতত অ্যাপটি কেবল আমন্ত্রণভিত্তিক (invite-only) যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।
অ্যাপটির মুখ্য ফিচার "ক্যামিও" ব্যবহারকারীকে নিজের মুখের ছোট ভিডিও রেকর্ড ও আপলোড করার সুবিধা দেয়। অন্যরা সেই মুখ ব্যবহার করে নতুন ভিডিও তৈরি করতে পারলেও, ভিডিওর মূল মালিক ব্যবহারকারীই থাকবেন এবং প্রয়োজনে ভিডিও মুছে ফেলার অধিকার থাকছে।
"রিমিক্স" ফিচার ব্যবহারকারীদের চলমান ট্রেন্ড বা জনপ্রিয় ক্লিপের সঙ্গে যুক্ত হয়ে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ ১০ সেকেন্ড। নিরাপত্তা ও নৈতিকতার কারণে অ্যাপে সহিংস, অশ্লীল বা রাজনৈতিক কনটেন্ট তৈরির সুযোগ বন্ধ রাখা হয়েছে, এবং জনপ্রিয় ব্যক্তিদের মুখ ব্যবহার নিষিদ্ধ।
সোরা অ্যাপের সঙ্গে এসেছে "সোরা ২.০ মডেল", যা বাস্তবসম্মত দৃশ্য, সাউন্ড এবং গল্প একত্রে তৈরি করতে সক্ষম। ওপেনএআই জানিয়েছে, এই প্রযুক্তি ভিডিও নির্মাণে চ্যাটজিপিটির মতোই নতুন দিগন্ত উন্মোচন করবে এবং স্বল্পদৈর্ঘ্য ভিডিও তৈরিকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে।